শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি বিরল হলেও, ক্রিকেটে নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন নজির বেশ কয়েকটি আছে। ভারতের উইমেন’স সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতেও বৈষ্ণভি শর্মা চার বলে চার উইকেট শিকার করে রেকর্ডবুকে নাম তুলেছেন। সবমিলিয়ে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৬ উইকেট নেন এই বাঁ-হাতি স্পিনার।
অন্ধ্রপ্রদেশের বিপক্ষে মধ্যপ্রদেশের হয়ে ২০ বছর বয়সী বৈষ্ণভি শর্মা জাদুকরী ওই স্পেল উপহার দেন। টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেওয়ার রেকর্ড এর আগে ছিল হুমায়রা কাজীর। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে তিনি ওই কীর্তি গড়েছিলেন। সেদিক থেকে বৈষ্ণভি দ্বিতীয় বোলার।
তিনি নিজের করা প্রথম তিন ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন। এরপর ইনিংসের ১৯তম ওভারে আবারও আক্রমণে এসে শুরুটা ভালো হয়নি বৈষ্ণভির। হজম করেন ৬ রান। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার পর শেষ বলে আরেকটি উইকেট নেন।
২০ বছরের এই স্পিনার অবশ্য ধারাবাহিকভাবে দারুণ ফর্ম দেখিয়ে চলেছেন। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ভারতের হয়ে পাঁচটি টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৬.২৬ করে রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে তিনি দুই ম্যাচে ৯ উইকেট নেন।মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডও আছে বৈষ্ণভির। ২০২৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে তিনি চার ওভারে স্রেফ ৫ রান দিয়ে নেন ৫ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকার হিসেবে নেন ১৭ উইকেট। এ ছাড়া ভারতীয় বোলার হিসেবে ইনিংস ও ম্যাচসেরা বোলিংয়ের রেকর্ডও তার দখলে। ২০২৪-২৫ সিনিয়র উইমেন’স মাল্টি-ডে চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে এক ইনিংসে ৫০ রানে ৮ ও ম্যাচে ১২৮ রানে ১৪টি উইকেট নিয়েছিলেন।