শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়ানোর চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। তবে ১৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিতে কোনো ইউরোপীয় ক্লাব এগিয়ে এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইউনাইটেড। গ্যাব্রিয়েলের সঙ্গে রিয়াল মৌখিক সমঝোতায় পৌঁছেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
গত সেপ্টেম্বরে ইউনাইটেড ছাড়ার ইচ্ছা জানিয়ে ক্লাব থেকে চলে যান গ্যাব্রিয়েল। এরপর থেকে আর অনুশীলনে ফেরেননি তিনি। তবে এখনো ইউনাইটেডের একাডেমিতে নিবন্ধিত আছেন এই তরুণ। ক্লাবটির সঙ্গে তার নিবন্ধন চলতি মৌসুমের শেষ পর্যন্ত বহাল থাকার কথা।
স্কাই স্পোর্টস জানিয়েছে, জানুয়ারির দলবদলে গ্যাব্রিয়েলকে দলে নিতে চায় রিয়াল। তবে এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। বার্সেলোনা, পিএসজি ও বায়ার্ন মিউনিখও তাকে দলে নিতে আগ্রহী ছিল। তবে গ্যাব্রিয়েলকে পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রিয়াল।
গ্যাব্রিয়েলের ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট থাকায় ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে যোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফিফার নিয়মে ইউরোপীয় পাসপোর্টধারী তরুণ খেলোয়াড়দের সঙ্গে ইউরোপের ক্লাবগুলো পেশাদার চুক্তি করতে পারে। ইউনাইটেডের আশঙ্কা, এই সুযোগ কাজে লাগিয়ে গ্যাব্রিয়েলকে দলে নিতে পারে রিয়াল।
ইউনাইটেডের নিবন্ধিত খেলোয়াড় হওয়ার পরও অন্য কোনো ক্লাব তাকে দলে নিলে আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে ক্লাব-সংশ্লিষ্ট সূত্র। তবে গ্যাব্রিয়েলের জন্য বিষয়টি আপাতত উদ্বেগের কারণ নয় বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।