শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক
বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ায় সৌদি আরবে এক প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নারী কেনিয়ার নাগরিক। আর যার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তানটির জন্ম হয়েছে তিনি মিসরের নাগরিক।
ইস্তের ওয়ানজা মুথুনি নামে ৪০ বছর বয়সী এ নারী সৌদিতে গৃহকর্মী এবং সৌদির একটি পরিবারের সন্তানদের লালন-পালন করতেন।
এ সময়ের মধ্যে মিসরের এক ব্যক্তির সঙ্গে অল্প সময়ের জন্য প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরমধ্যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তবে মিসরের ওই ব্যক্তি ইতিমধ্যে সৌদি আরব থেকে চলে গেছেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রবাসী এ নারী অসুস্থ হয়ে হাসপাতালে যান এবং তার গর্ভবতী হওয়ার বিষয়টি নজরে আসে। এরপর তাকে পুলিশ আটক ও জিজ্ঞাসাবাদ করে।
বর্তমানে তার ওই সন্তানের বয়স এক বছর। তিনি একাধিকবার শিশুটিকে নিয়ে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিবারই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত মাসে নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, “আমি অত্যন্ত ভীত। আমার মনে হয় না চাবুকের আঘাতগুলো সইতে পারব।”
ইস্তের ওয়ানজা মুথুনি যখন বিবাহবহির্ভূত সম্পর্কের বাইরে হওয়া সন্তানের জন্ম দেন এরপর থেকে তাকে আর সৌদির ওই পরিবারটি কাজে যোগ দিতে দেয়নি। ফলে তিনি বাস্তুহীন হয়ে পড়েন। এরপর তিনি একটি পেট্রোল স্টেশনে গিয়ে থাকা শুরু করেন। যেখানে অন্যান্য আরও নারীরা নিজেদের সন্তানদের নিয়ে থাকেন। যারা সবাই নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন।
তবে তাকে নিয়ে খবর প্রকাশ হওয়ার পর তিনি থাকার জন্য এখন একটি বাড়ি পেয়েছেন। কিন্তু যতক্ষণ তার বিরুদ্ধে আসা অভিযোগটির সুরাহা না হবে বা বেত্রাঘাত না করা হবে ততক্ষণ তিনি নিজ দেশে ফিরতে পারবেন না।
সৌদি আরবে সাধারণত বাঁশ দিয়ে তৈরি লাঠি দিয়ে বেত্রাঘাত করা হয়। বেত্রাঘাতের আগে নারীদের বসানো হয়। এরপর কাপড়ের ওপর বেত দিয়ে আঘাত করা হয়।