শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
গত কয়েক মাস ধরে প্রতি মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান। পশ্চিমা গোয়েন্দাদের বরাতে সংবাদমাধ্যম ব্লুমবার্গ আজ বুধবার এ তথ্য জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে গত ফেব্রুয়ারির যুদ্ধের আগে এটি শতাধিক ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা ব্লুমবার্গের কাছে দাবি করেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছেন গত ফেব্রুয়ারির যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে দেশটির কাছে ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক মিসাইল রয়ে গেছে। প্রতিমাসে তারা আরও তৈরি করছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন সময় খবর বেরিয়েছে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ফুরিয়ে গেছে। তবে এটি সত্যি নয়। মার্কিনিদের কাছে এখনো বিপুল নির্ভূল আঘাত হানার বোমা ও ক্রুজ মিসাইল আছে। তবে অন্যান্য অঞ্চল থেকে এসব অস্ত্র নিয়ে আসায় সেখানে এগুলোর ঘাটতি দেখা দিয়েছে।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, ইরানের হামলা প্রতিহতে ১ হাজার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়েছে। যেগুলো প্রতি বছর ৬৫০টি করে উৎপাদন করা যায়। আর এসব ইন্টারসেপ্টর মিসাইলের একেকটির দাম ৪ মিলিয়ন ডলার। বাংলাদেশের অর্থে যা প্রায় ৫০ কোটি টাকার সমান।
সংবাদমাধ্যমটি বলেছে, ইরান যুদ্ধের সময় ৪ হাজার ৯০০ শহিদ ড্রোন এবং অন্তত ২ হাজার ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।
এদিকে আজ ইরান নতুন আরেকটি মিসাইল সিটি উন্মোচন করেছে। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এখানে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রাখা আছে। তবে সেখানে কতগুলো মিসাইল আছে সেটি উল্লেখ করেনি বার্তাসংস্থাটি।