শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
স্পোর্টস ডেস্ক
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বর্তমান দৌরাত্মের সময়ে ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচের চেয়ে এসব টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। যার মধ্যে অন্যতম জনপ্রিয় অবস্থান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কিছু কিছু দেশ তো আইপিএল চলাকালে নিজেদের আন্তর্জাতিক সূচিও রাখে না, কারণ ওই সময় তারকা ক্রিকেটারদের না পাওয়ার শঙ্কা থাকে। আরেকটি আইপিএল আসর শুরুর আগে ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের মাটিতে এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে দুটি টি-টোয়েন্টি জিতে সফরকারী অজিরা সিরিজও নিশ্চিত করে ফেলেছে। তবে তৃতীয় ও শেষ ম্যাচে নামার আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন দলটির তারকা ওপেনার ওয়ার্নার। তবে ধারণা করা হচ্ছে আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএল আসরের আগে তিনি সেরে উঠবেন। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ওয়ার্নারের ছোট একটি পুনর্বাসন পিরিয়ড পার করতে হবে। আশা করা যাচ্ছে– আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলে তাকে পেতে কোনো অসুবিধা হবে না।পায়ের মাংসপেশিতে চোট লেগেছে ওয়ার্নারের। ফলে আগামীকাল (রোববার) অকল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ইএসপিএন ক্রিকইনফো’র তথ্যমতে, ইনজুরি থেকে সেরে উঠতে ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের ৭-১০ দিন লাগতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রায় শেষপ্রান্তে আছেন ওয়ার্নার, ইতোমধ্যে তিনি টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ফরম্যাটটিতে এখনও খেলে যাচ্ছেন তিনি।কিউইদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে ওয়েলিংটনে ২০ বলে ৩২ করেন ওয়ার্নার। পরে তাকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে দুয়োও দেওয়া হয়, কারণ এই সফর শুরুর আগে তিনি ২০১৬ সালে করা কিউিই দর্শকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেননি এই অজি ওপেনার। ফলে টপ অর্ডারে উন্নীত হতে পারেন স্টিভ স্মিথ। দ্বিতীয় টি-টোয়েন্টিতেতে ট্র্যাভিস হেডের সঙ্গে তাকে ওপেন করানো হয়েছিল। তিন নম্বরে খেলেছেন অধিনায়ক মিচেল মার্শ।উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের ১৭তম আসরের। ইতোমধ্যে ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেবল ১৭ দিনের সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবারও টুর্নামেন্টটিতে ওয়ার্নারকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। আসর শুরুর দ্বিতীয় দিনই (২৩ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে দিল্লি।
Leave a Reply