শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর জ্ঞানের পরিবর্তে বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। চলতি শিক্ষাবর্ষেও গত বছরের মতো একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় কি না, তা নিয়ে উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর জ্ঞান যাচাই করলেই হবে না। বরং তাদের বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং সমস্যা সমাধানের যোগ্যতাও মূল্যায়ন করা প্রয়োজন। একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, সে বিষয়ে তার মৌলিক জ্ঞান ও সামর্থ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া দরকার।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে সভা সূত্রে জানা গেছে, আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে শিক্ষার্থীদের জিপিএর বিষয়টিও যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি।