শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
শিক্ষাব্যবস্থার পরিবর্তিত বাস্তবতায় শিক্ষকদের দক্ষতা বাড়াতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষকদের পরিচিত করে তুলতে না পারলে দেশের শিক্ষাব্যবস্থা পিছিয়ে পড়বে। তাই শিক্ষক প্রশিক্ষণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি এআইভিত্তিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারেন। এ জন্য শিক্ষকদের যুগোপযোগী করে গড়ে তোলা জরুরি। বিশেষ করে এআই ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার সম্পর্কে শিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। এ ক্ষেত্রে নায়েমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষক এখনো প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করতে পারেননি। তাদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করাও জরুরি।
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। পরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণে সেরা শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির পরিচালক অধ্যাপক প্রিম রিজভী।