শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধি
সংসদে আলোচনার মাধ্যমে সাত দফা দাবির সমাধান না হলে চলমান আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের এক দফায় রূপ নিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা সরকারকে সেইটুকু সময় দিতে চাই। সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডে দ্রুত বিচারসহ সাত দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা না হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আবারও গণবিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।’
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আট মাসেই সরকার দেশ ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে জায়গায় ছিল, সেখানে এখন ছাত্রদল-যুবদল বসেছে। শুধু নাম বদলেছে, চরিত্র বদলায়নি। দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি এবং সার, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। ১০ বছরেও যা হয়নি, এই সরকার আট মাসেই তা করেছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মুড়লী মোড়ের জনতার ঢল ও মানুষের স্লোগান বিএনপিকে একটি বার্তা দিচ্ছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী নিজেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ভোটের পর এখন নিজের ভোটকেই অস্বীকার করছেন। পাঁচ কোটি মানুষ গণভোটে অংশ নিয়েছে। জনগণের সেই রায় বাস্তবায়ন না করে উল্টো বিরোধী দলকে দোষারোপ করা হচ্ছে।
গোলাম পরওয়ার বলেন, ১১ দল এখনো নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল আন্দোলন করছে। আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনে নিজের ভুল স্বীকার করে গণভোট ও সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে আলোচনার উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক সংকট ও সংঘাত তৈরি না করে সংসদেই এর সমাধান করতে হবে। অন্যথায় জনগণ প্রয়োজনে সরকারকে লাল কার্ড দেখাবে।
কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, সরকার বিভিন্ন কার্ড দিয়ে নিজেদের শক্তি মনে করছে। কিন্তু জনগণের হাতে রয়েছে লাল কার্ড। প্রয়োজনে সেই কার্ড দেখানো হবে।
এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন এক সময় কথা বলছি, যখন আইজিপি আমাদের ক্রসফায়ারের ভয় দেখায়। ক্রসফায়ার যদি দিতে হয় তাহলে যারা চাঁদাবাজি করছে তাদের দিতে হবে। যারা ফ্যামিলি কার্ডের নামে অনিয়ম করছে তাদের দিতে হবে। যারা চাকরির কথা বলে ঘুষ নেয় তাদের দিতে হবে ক্রসফায়ার।
পথসভায় ১১ দলীয় জোটের নেতারাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির যুগ্ম সদস্যসচিব সাঈদ মোস্তাফিজ, মুস্তাফিজুর রহমান ইরান, প্রকৌশলী রাশেদ প্রধান, এলডিপির বিল্লাল হোসেন নিয়াজী, বিডিপির চেয়ারম্যান আনোয়ার হোসেন চান ও মুফতি শরাফত হোসেন।
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, মাওলানা মোক্তার আলী, মাওলানা আজিজুর রহমান ও অ্যাডভোকেট এনামুল হক। এ ছাড়া ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশাসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।
আয়োজকদের দাবি, পথসভায় প্রায় ৩০ হাজার মানুষের সমাগম ঘটে। লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভাটি একপর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লংমার্চের গাড়িবহর শিল্পশহর নওয়াপাড়ায় পৌঁছালে হাজারো নেতাকর্মী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির। পরে সন্ধ্যা ৬টার দিকে গাড়িবহর যশোর শহরের মুড়লী মোড়ে পৌঁছায়।
পথসভা শেষে জামায়াতের আমিরের নেতৃত্বে লংমার্চের গাড়িবহর ঝিনাইদহের উদ্দেশে যাত্রা করে। এ সময় বহরটি মণিহার, বারান্দীপাড়া, শেখহাটি হাইকোর্ট মোড়, নতুন উপশহর, খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ী, চূড়ামনকাটি ও সাতমাইল হয়ে কালীগঞ্জ অতিক্রম করে। পথে সড়কের দুই পাশে শত শত নারী-পুরুষ দাঁড়িয়ে লংমার্চের বহরকে স্বাগত জানান।