শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পালংখালী স্টেশন, থাইংখালী, উখিয়া সদরসহ অন্তত ৪টি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতা থাইংখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১০-১২ জনের একদল দুবৃর্ত্ত নুরুল আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। হামলায় ক্যাম্পে আশ্রিত সশস্ত্র কয়েকজন রোহিঙ্গাও অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে ৪-৫টি কোপ দেওয়া হয়েছে। প্রচুর রক্তরক্ষণ হওয়ায় তাকে বাঁচাতে ‘ও’ নেগেটিভ রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, নুরুল আমিনকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সন্ত্রাসী হামলায় একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।