বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা রোডম্যাপ (পথনকশা) চেয়েছিলাম। ১০ মাস কেটে গেছে। আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়েই কথা বলেছেন। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়।
বুধবার (২৮ মে) ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশে জনতার ঢল নেমেছিল। রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এসব কথা লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল আরও লিখেছেন, আমরা যেন মনে রাখি, এমন একটি শাসনব্যবস্থা থেকে আমরা উঠে এসেছি, যা শুধু কর্তৃত্ববাদীই ছিল না, এটা ছিল একটা একনায়কতন্ত্র। এখন বাংলাদেশের জনগণ একটি নতুন সংসদের জন্য প্রস্তুত, যেটি তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের প্রতিনিধিত্ব করে। এমন একটি সংসদ, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতির পক্ষে দেশের উন্নয়নের নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারের বিষয়ে কথা বলবেন। আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম। ১০ মাস কেটে গেছে। আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়েই কথা বলেছেন। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে।এর আগে আজ বিকেলে নয়াপল্টনের বিশাল সমাবেশে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বক্তব্য দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন।
Leave a Reply