শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড 

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম রক্ষায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পেয়েছেন আদালত। এ সময় কারখানায় প্রচুর তেলাপোকা, মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্যসহ নানা অনিয়ম দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় জয়কালিবাড়ি দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে (৫০) এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। অভিযানে আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির কারখানায় কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরির পাশাপাশি সংরক্ষণের পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। খাদ্যপণ্যের আশপাশে তেলাপোকার উপস্থিতি এবং মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাবার পড়ে থাকতে দেখা যায়।

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য ধ্বংস এবং কারখানাটি সিলগালা করা হয়। দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু একই এলাকার মৃত ননী কুন্ডুর ছেলে।

বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পলাশ কুমার বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন করছেন। আমরা চাই, এ ধরনের কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD