শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধি
গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে আমন ধান, পেঁয়াজ, মরিচ, কলা ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের ৩৫০ হেক্টর জমির ফসল। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। জেলার সাত উপজেলার কোথাও আধাপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে, আবর কোথাও আমনের শীষে চিটা দেখা দেওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। এতে আধাপাকা ও প্রায় পাকা আমন ধানগাছ জমিতে নুয়ে পড়ে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়-বৃষ্টিতে আক্রান্ত ৩৫০ হেক্টর জমির মধ্যে ২৪৭ হেক্টর আমন ধান, ৬৯ হেক্টর পেঁয়াজ, ১৬ হেক্টর শাকসবজি, ১০ হেক্টর মরিচ ও ৮ হেক্টর কলা রয়েছে। জেলার সাত উপজেলাতেই আমন ধান আক্রান্ত হয়েছে।
সরজমিনে পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকটি জমির আধাপাকা ধানগাছ মাটিতে হেলে পড়েছে। এসব জমিতে দেশি জাতের চিনিআলো ধানের আবাদ করেছেন কৃষকরা। ঝড়ের পাশাপাশি ধানের শীষে চিটা দেখা দেওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। এ ছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন ফসলের খেত নেতিয়ে পড়েছে।
কৃষকরা জানান, কয়েক দিন ধরে আমন ধানের শীষ সাদা হয়ে চিটা দেখা দিচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য কৃষি কর্মকর্তাদের পরামর্শে ওষুধ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এর মধ্যেই আকস্মিক ঝড়ে ধানগাছ মাটিতে পড়ে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছেন।
পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের কৃষক শাহারুল মিয়া বলেন, একদিকে ধানে চিটা ধরেছে, অন্যদিকে ঝড়ে পুরো জমির ধান নেতিয়ে পড়েছে। চিটা দেখা দেওয়ায় কৃষি কর্মকর্তার পরামর্শে ওষুধ কিনে এনেছিলাম। কিন্তু রাতেই ঝড় হওয়ায় আর ওষুধ দিতে পারিনি। এত টাকা খরচ করে এখন দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়েছি। কাঙ্ক্ষিত ফলন পাব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
একই এলাকার কৃষক তসলিম উদ্দিন বলেন, ধানের শীষে চাল হওয়ার সময় অনেক শীষ সাদা হয়ে যাচ্ছে। দিন দিন এই সমস্যা বাড়ছে। শুরু থেকে জমির সব ধরনের পরিচর্যা করেছি। তারপরও কেন এমন হচ্ছে, বুঝতে পারছি না।
ধানের শীষ সাদা হয়ে যাওয়া জমি পরিদর্শনে যাওয়া সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কুলসুম আক্তার বলেন, ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে ধানের শীষে এমন সমস্যা দেখা দিতে পারে। আক্রান্ত জমি সরেজমিনে পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ধানগাছ পুরোপুরি নেতিয়ে পড়লে এবং শীষে চিটা থাকলে ফলন কিছুটা কমতে পারে। বিশেষ করে নুয়ে পড়া জমিতে পানি জমে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সুদর্শন সিকদার বুধবার সন্ধ্যায় বলেন, হঠাৎ ঝড়-বৃষ্টিতে জেলার ৩৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত এসব ফসল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি বলা যাচ্ছে না। মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত খোঁজ রাখছেন। পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
আক্রান্ত জমিতে পানি জমে থাকলে দ্রুত তা বের করে দেওয়া এবং নুয়ে পড়া ধানগাছ কয়েকটি একসঙ্গে করে বেঁধে রাখার পরামর্শ দেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গাইবান্ধায় ১ লাখ ৩৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ২২০ হেক্টর বেশি। এ মৌসুমে প্রায় ৪ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ঝড়ের ক্ষয়ক্ষতি এবং ধানের শীষে চিটা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত সেই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।