শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
দেশের তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই প্রযুক্তিগত ভবিষ্যতের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. এইচ. খান অডিটোরিয়ামে আয়োজিত ‘সিলিকন রিভার নেক্সট ২০২৬’ শীর্ষক বিশেষ সম্মাননা এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই সোসাইটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
আনোয়ার হোসেন বলেন, আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে তরুণদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, এ সম্মেলন তরুণ গবেষকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের পথ দেখাতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের পারড্যু বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক ও প্রধান স্থপতি ড. মুহাম্মদ মোস্তফা হুসাইন।
দিনব্যাপী এ আয়োজনে ‘ক্রেস্ট ফেলোস ২০২৬’-এর বিদায়ী সংবর্ধনা এবং ‘ক্রেস্ট ফেলোস ২০২৭’-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়। এছাড়া ‘সিইএস ২০২৭’ প্রতিযোগিতার ফাইনালিস্টদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ‘ওয়াইসিআরসি’র আনুষ্ঠানিক ঘোষণা এবং ‘সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চ’-এর উদ্বোধন করা হয়।