শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে হাবিবা (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭নভেম্বর) সকালে উপজেলার সদর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাবিবা উপজেলার গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে ও মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তারা মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরে হাবিবাকে গলায় রশি দেওয়া অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ সয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেন এই কর্মকর্তা।