শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
আন্তজার্তিক ডেস্ক
সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, আজ সৌদির বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
সৌদির তথ্য মন্ত্রণালয় এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।
হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি বলেছেন, সৌদির বিমানবাহিনী সা’দার একটি ফার্মে প্রথমে আঘাত হানে। এরপর যখন সেখানে উদ্ধারকারীরা আসেন তখন দ্বিতীয়বার হামলা চালানো হয়।
এদিকে এরআগে সৌদি আরব জানায়, মদিনা অঞ্চল লক্ষ্য করে হুথিরা একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তবে এটি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয় বলে জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, হুথিদের ছোড়া মিসাইলটি আকাশে ধ্বংস করা হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তাকারী সৌদি জোট এবং হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে বুধবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা।