বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
বাংলাদেশের দাবার সম্ভাবনাময় নাম রায়ান রশিদ মুগ্ধ। মাত্র ১১ বছর ৩ মাস বয়সে জাতীয় দাবায় নিজের নাম লিখিয়েছেন তিনি। জাতীয় দাবা বাছাই টুর্নামেন্টে নবম হয়ে মূল প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন মুগ্ধ।
বাংলাদেশের দাবার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আরবিটার ও প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ। অল্প বয়সে জাতীয় দাবায় অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘নিয়াজ মোর্শেদ ১০ বছর বয়সে জাতীয় দাবায় খেলেছিল। জিয়াউর রহমান, রিফাতরা ১৩ বছর বয়সে জাতীয় দাবা খেলে। নিয়াজ মোর্শেদের পর মনন রেজা নীড় ১১ বছরে জাতীয় দাবা খেলেন। এবার মুগ্ধও ১১ বছর বয়সে জাতীয় দাবা খেলতে যাচ্ছেন।’
এবার জাতীয় দাবায় গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। বাকি ১২ জনকে বাছাই খেলে আসতে হয়েছে। বাছাইতে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সাত পয়েন্টে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় রানার-আপ হয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তৃতীয় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম স্থান লাভ করেন।
ছয় পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে ক্যান্ডিডেট মাস্টার মো. মাছুম হোসেন ষষ্ঠ, সিলেটের ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী সপ্তম ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ অষ্টম স্থান লাভ করেছেন।