ঈদ মানেই ঢালিউড কিং শাকিব খানের নতুন ধামাকা । আসন্ন ঈদেও চমক দেখবে দর্শক। সফল এই নায়ককে নিয়ে বিস্ফোরণ মন্তব্য করলেন কলকাতার প্রযোজক। ‘কলকাতার হলে শাকিবের সিনেমা চলে না’ এমনটাই মন্তব্য করেছেন কলকাতার প্রযোজক রানা সরকার। একটি সংবাদ মাধ্যমের অডিও বার্তায় শাকিব খান প্রসঙ্গে রানা বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাদের তুলনায় অতটা ভালো নয়।’ কলকাতায় শ্রাবন্তী, শুভশ্রীসহ বহু নায়িকার সঙ্গে সিনেমা করেছেন শাকিব। কিছু আলোচিত সিনেমায় কাজও করেছেন। সব মিলে পশ্চিম বাংলার চলচ্চিত্রশিল্পে বেশ পরিচিত নাম শাকিব। এখন সেই নায়কই নাকি অভিনয় পারেন না বা জানেন না! এমনটি কি কখনো হতে পারে? অবশ্য একজন হিট নায়ককে নিয়ে আলোচনা-সমালোচনা থাকবেই। তবে শাকিব খানকে নিয়ে প্রায় সময় এই গুঞ্জন ওঠে যে তিনি নাকি অভিনয়ই জানেন না! রানা সে কথাই বলছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান ছবি করলেও হলগুলো এই নায়কের সিনেমায় ততটা আগ্রহী নয়। শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’ রানা সরকার আরও বলেন, শাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এই নায়ক যদি আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতেন, তাহলে ভালো হতো। পশ্চিমবঙ্গের নায়কদেরও প্রায় সময় কটাক্ষ করেন টালিউডের এই প্রযোজক। তাদের অভিনয় পারা না–পারা এবং নানা দুর্বলতা নিয়ে তোলেন প্রশ্ন। এবার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। যা গত বছরের ডিসেম্বরে শুটিং শুরু হয়। আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। বিগ বাজেটের সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।