বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবর আলীর ছেলে। তিনি গত তিন মাস ধরে কারাভোগ করছিলেন।

জেলা কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফ মাত্রাতিরিক্ত উচ্চরক্তচাপে ভুগছিলেন। অসুস্থ হলে বুধবার রাত ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, সৈয়দ আশরাফর বিরুদ্ধে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানায় দায়ের হওয়া দুটি মামলায় সাজা ছিল। একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অন্য মামলায় আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, সৈয়দ আশরাফ আলীর নামে মোট চারটি মামলার দুইটিতে সাজাপ্রাপ্ত হয়ে গত ৬ মার্চ তিনি জেলা কারাগারে আসেন। এ ছাড়া, তার নামে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, সৈয়দ আশরাফের মৃত্যু সনদে চিকিৎসক ‘নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপের কারণে অস্থিরতায় মৃত্যু’ উল্লেখ করেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ ব্যাপারে জেলা কারাগারের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করবেন।

তিনি বলেন, আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD