বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

অর্থহীন থেকে বিদায় নিলেন দুজন, হলো রদবদল

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর লাইনআপে বড় ধরনের পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক মাধ্যমে এক বার্তার মাধ্যমে ব্যান্ডটি তাদের দীর্ঘদিনের দুই সদস্য ড্রামার মার্ক ডন এবং গিটারিস্ট এহতেশাম আলী মঈনের বিদায়ের খবর নিশ্চিত করেছে। একই সঙ্গে পুরোনো সদস্য শিশির আহমেদের প্রত্যাবর্তনসহ নতুন তিন মিউজিশিয়ানের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে ব্যান্ডটি।

বিগত ১০ বছর ধরে অর্থহীনের ড্রামস ও রিদম সেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্ক ডন। তাকে ব্যান্ডের ‘হৃদস্পন্দন’ আখ্যা দিয়ে অর্থহীন জানায়, গত এক দশকের কনসার্ট ও অ্যালবামের প্রতিটি বিটে মার্কের স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকবে।

অন্যদিকে, গত বছর জানুয়ারিতে ব্যান্ডে যোগ দেওয়া তরুণ গিটারিস্ট এহতেশাম আলী মঈনও ব্যক্তিগত কারণে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার কারিগরি দক্ষতা ও মেলোডির প্রশংসা করে অর্থহীন তাদের এই দুই সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।বিদায়ের খবরের মাঝেই ভক্তদের জন্য বড় চমক হিসেবে অর্থহীনে ফিরেছেন গুণী মিউজিশিয়ান শিশির আহমেদ। ২০২৩ সালে ব্যান্ড ছেড়েছিলেন শিশির; আবারও গিটার ও কিবোর্ডের দায়িত্ব সামলাবেন তিনি। তার সঙ্গে কিবোর্ড ও গিটারে নতুন যুক্ত হয়েছেন আদনান আতিক। এছাড়া ড্রামসে গেস্ট মেম্বার হিসেবে যোগ দিয়েছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের শেখ এম রিয়াজ। লাইনআপের এই পরিবর্তনের মাধ্যমে ব্যান্ডটি তাদের সাউন্ডে নতুন মাত্রা আনার ইঙ্গিত দিয়েছে।লাইনআপে এই রদবদল নিয়ে ব্যান্ডটি জানায়, সদস্য বদল হলেও অর্থহীনের মূল চেতনা বা আত্মা আগের মতোই আছে। ‘বেজবাবা’ সুমনসহ বর্তমান চার সদস্যের এই দলটি দ্রুতই স্টুডিওতে ফেরা এবং মঞ্চে পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছে। ভক্তদের আশ্বস্ত করে ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেরা সময়টা এখনো আসা বাকি। অর্থহীন মরে নাই, অদ্ভুতদের জয় হোক!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD