বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

৪৮তম বিশেষ বিসিএসে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

দেশের সরকারি স্বাস্থ্য খাতে বড় সংযোজন হলো ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে। এ ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

সরকারের প্রত্যাশা, এই বিপুল সংখ্যক নতুন চিকিৎসকের সংযুক্তির ফলে বিশেষ করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।

নবনিযুক্ত চিকিৎসকদের যোগদান উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারী চিকিৎসকদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ের মধ্যে এত বড় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলেই পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ চাকরিতে যোগদান কার্যক্রম শেষ হলো।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়োগের মাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট অনেকটাই কাটবে বলে সরকার আশা করছে।

পদায়ন প্রসঙ্গে অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার সমন্বয়ের ভিত্তিতে পদায়ন করা হবে। তিনি বলেন, আমরা পদায়নের ক্ষেত্রে মানবিক দিকগুলো গুরুত্ব দিয়ে দেখছি। যেসব দম্পতি চিকিৎসক রয়েছেন বা যাদের স্বামী বা স্ত্রী সরকারি চাকরিতে কর্মরত, তাদের একই এলাকায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, যাদের দুরারোধ্য কোনো রোগ রয়েছে, তাদের ক্ষেত্রেও বিশেষ বিবেচনা করা হবে। আজকের এই পদায়ন পুরোপুরি মেধাভিত্তিক হবে, তবে সেই মেধার সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে।

নতুন চিকিৎসকদের নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে, তাই ন্যায্যতার ভিত্তিতেই তাদের পদায়ন করা হবে। এর ফলে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। তারা নবনিযুক্ত চিকিৎসকদের সরকারি স্বাস্থ্যসেবায় যুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানান।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম যোগদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

সরকারি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলমান জনবল সংকট নিরসনে ৪৮তম বিশেষ বিসিএসকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, এই নিয়োগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবার মান ও প্রবেশাধিকার—দুটিই উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD