মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা (৩০) নামে নয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বন্যা শেখপাড়া গ্রামের নুরুল হকের স্ত্রী। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির উঠানে রাখা লাকড়ি (খড়ি) বৃষ্টির পানি থেকে সরাতে বাইরে যান বন্যা। কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেশীরা জানান, বন্যা খুবই শান্ত স্বভাবের ছিলেন এবং সন্তান জন্মের অপেক্ষায় ছিল পরিবারটি। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় সবাই স্তব্ধ হয়ে পড়েছেন।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের মাঝে শোক বিরাজ করছে। তিনি সবাইকে খারাপ আবহাওয়ার সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান।