মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বৃষ্টিভেজা সকালে সিলেটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগরজুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মত্যাগ ও ত্যাগের মহিমা স্মরণে বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে জেলার ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকালের ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে নানা বয়সী মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে ছুটে আসেন। অনেককে ছাতা মাথায়, কেউবা বৃষ্টিতে ভিজেই ঈদের জামাতে অংশ নিতে দেখা যায়। ঈদগাহগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন।

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। জামাতে ইমামতি করা হয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবং এর আগে বয়ান পেশ করেন মুফতি মাওলানা জুনেদ আহমদ আনসারী। তিনি বয়ানে ঈদুল আজহার তাৎপর্য, ত্যাগের শিক্ষা ও মানবতার কল্যাণে আত্মনিবেদনের গুরুত্ব তুলে ধরেন।

সিলেটে ঈদের প্রধান জামাতে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ছাড়া, উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঈদের নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। একইসঙ্গে দেশের সুখ, শান্তি ও মানুষের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এদিকে নগরীর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছিল। ফলে পরিবার নিয়ে অনেকেই সেখানে নামাজ আদায় করেন।

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে তিন দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এতে যথাক্রমে ইমামতি করেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

এ ছাড়া, কোর্ট পয়েন্ট-সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৬টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম। অন্যদিকে শাহপরান (র.) মাজার মসজিদেও সকাল ৮টায় বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নগরীর বিভিন্ন এলাকায় শিশু-কিশোরদের নতুন পোশাকে ঘুরে বেড়াতে দেখা যায়। ঈদকে কেন্দ্র করে নগরজুড়ে ছিল উৎসবের আমেজ।

ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, বৃষ্টি থাকলেও ঈদের আনন্দ ও ধর্মীয় অনুভূতিতে কোনো ভাটা পড়েনি। বরং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঈদের জামাতে অংশ নিতে পেরে তারা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD