মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাইরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে : জিএম কাদের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম। তারা কখনো দেশ চালায়নি। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। তারা বলছে আজাদি, আমি বলবো গোলামি। তারা একটি দেশের গোলামি করার জন্য এসব করছে। তারা বলছে ইনসাফ, আমি বলবো চরম বেইনসাফ।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ সদর আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে। আর নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে অন্যায়-অত্যাচার করা হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আমাদের দেশবাসীকে প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি। এটি দেশদ্রোহিতা বলে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা।

জিএম কাদের বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থি দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে। প্রচার-প্রচারণায় অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। বিগত দিনে অন্যায়-অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে, গণনা ও ফলাফল হলে এবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাবো।

জাপা চেয়ারম্যান বলেন, আমাদের দেশে নারী-পুরুষ একসঙ্গে কাজ করে। আমরা নিজ নিজ ধর্ম অন্তর থেকে চর্চা করি। তাই বলা যায় আমরা ধার্মিক, সহানুভূতিশীল ও অসম্প্রদায়িক দেশের মানুষ। একদল বলছে নারীদের চাকরি করা যাবে না। তাহলে যেই পরিবারে একমাত্র মেয়ে রয়েছে, সেই পরিবার কীভাবে চলবে। তারা দাবি করছে নারীরা কাজ করলে সমাজ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ইসলামে তো এমন কথা নেই, তাই এই কথাগুলো তারা কোথা থেকে পেল।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD