বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
রাজধানীর পূর্বাচলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ প্রদর্শন করতে না পারায় মমতাজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) পূর্বাচলের হারারবাড়ী, ১০ নম্বর সেক্টরে অবস্থিত রেস্তোরাঁটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে, দরজা ও জানালায় ময়লার স্তর জমে ছিল। এ ছাড়া রেফ্রিজারেটরে রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে সংরক্ষণ এবং কোনো ধরনের লেবেল ছাড়াই খাবার ও খাদ্যোপকরণ রাখার প্রমাণ পাওয়া যায়।
এ সময় ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্তোরাঁটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা ও মো. আমিনুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।