শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’ ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট প্রসঙ্গ ব্রাজিল-আর্জেন্টিনা: তানজিকার সঙ্গে স্বামীর ‘শান্তি চুক্তি’! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি তৈরিতে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিডবোট আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়ন সীমান্তে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আট থেকে ১০ জনের একটি ডাকাতদল এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা, মুঠোফোন এবং স্পিডবোটের চার লক্ষাধিক টাকার ইঞ্জিনসহ যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে।

ডাকাতির শিকার ব্যবসায়ী চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর কারিকরডাঙ্গী গ্রামের বাসিন্দা কোমর মোল্লার ছেলে লিটন মোল্লা (৩২)। তাকে স্থানীয় জেলেরা উদ্ধার করে ঢাকার দোহার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করেন। ডাকাতির সময় স্পিডবোট রেখে কাশবনে পালিয়ে রক্ষা পান স্পিডবোটের চালক সঞ্জিত খালাসী (৩৯)। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামের বাসিন্দা অভি খালাসীর ছেলে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চরভদ্রাসনে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আটজন গরু ব্যবসায়ীকে চরভদ্রাসন উপজেলা সদরের গোপালপুর ঘাট থেকে ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাটে নামিয়ে দেন স্পিডবোটচালক সঞ্জিত খালাসী। ওই আট ব্যবসায়ী গতকাল ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাট থেকে ব্যবসা কার্যক্রম শেষ করে ঢাকায় বাড়িতে ফিরছিলেন। তাদের মৈনট ঘাটে নামিয়ে আবার গোপালপুর ঘাটে ফেরার পথে স্পিডবোটে একমাত্র যাত্রী ছিলেন লিটন মোল্লা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পিডবোটটি ঢাকা জেলা সীমান্ত থেকে চরভদ্রাসন সীমান্তে প্রবেশ করলে স্থানীয় ফারুক মোল্লার চরের পাশে একটি ডাবল ইঞ্জিনের স্পিডবোট নিয়ে সঞ্জিতের স্পিডবোটকে ধাওয়া করে।পরে পেছন থেকে এসে স্পিডবোটটির গতিরোধের চেষ্টা করে ডাকাতদল। পরে সঞ্জিত স্পিডবোটটি ফারুক মোল্লার চরে ভিড়িয়ে নিজে কাশবনে পালিয়ে যান। এ সময় বোটের একমাত্র যাত্রী লিটন মোল্লাকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মুঠোফোন ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি স্পিডবোটের ইঞ্জিনসহ যন্ত্রাংশও খুলে নিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার সময় লিটনের বাম বাহুতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চরভদ্রাসনের বাসিন্দা এবং চরাঞ্চলের প্রকৃতি ও জীবনযাপন নিয়ে কাজ করা সাংস্কৃতিককর্মী আবদুস সবুর মোল্লা বলেন, গত ১০-১২ বছরেও আমরা এই রুটে এমন ঘটনা শুনিনি। ঢাকার সঙ্গে আমাদের এলাকার মানুষের সহজ যোগাযোগের এই পথটিও যদি বিপদসংকুল হয়ে পড়ে, তাহলে এটি আমাদের এই এলাকার অন্তত দুটি চরাঞ্চলবেষ্টিত উপজেলার মানুষের জন্য দুঃসংবাদ।

তিনি বলেন, আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। ডাকাতদলকে আইনের আওতায় আনা এবং এই নৌপথে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনার খবর পেয়ে ফারুক মোল্লার চরে গিয়ে স্পিডবোটের চালক সঞ্জিত খালাসীকে আমরা উদ্ধার করে এনেছি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল সেখান থেকে সটকে পড়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আমরা খোঁজ নিচ্ছি। সংঘবদ্ধ ডাকাতদলের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD