বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সময় সরকারের নীরবতা এবং স্বাস্থ্য উপদেষ্টার অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে সরকারের কেউ উপস্থিত ছিলেন না। জাতি ছিল অন্ধকারে।’ মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘ছাত্রদের যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আহতরা যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ক্ষতিপূরণ চাওয়ার দাবিকেও আমরা সমর্থন করি।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো তদন্ত করে দ্রুত বাস্তবায়ন করুন। কোনো যৌক্তিক দাবির বিরোধিতা করা উচিত নয়।’ এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গতকাল সরকার একেবারে নীরব ছিল। ঘটনাস্থলে কোনো কনসার্ন অথরিটি বা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখা যায়নি। আজ প্রেস ব্রিফিং করে আহত ও নিহতের সংখ্যা জানানো হয়েছে, এতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেছে।’ নোয়াখালীর উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিগত সরকারগুলোর আমলে নোয়াখালীতে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। আমরা যে রাস্তায় এসেছি, সেটিকে উন্নয়ন বলা যায় না। দীর্ঘদিন এই জেলার দায়িত্বে থেকেও একজন সাধারণ সম্পাদক কিছুই করেননি। যদি এনসিপি সরকার গঠন করে, তাহলে নোয়াখালী থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।’ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম এবং এনসিপির জেলা সংগঠক কাজী তানভীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন নোয়াখালী জেলা মডেল মসজিদের খতিব মুফতি আকরাম মাহমুদ।
Leave a Reply