মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল প্রভাষক ফিরোজ মিয়ার

মাতৃভূমি সংবাদ

জেলা প্রতিনিধি

জামালপুরে সারবোঝাই ট্রাকের ধাক্কায় ফিরোজ মিয়া (৩২) নামের মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী আব্দুল মান্নান। তারা জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান এলাকার আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের প্রভাষক। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জামালপুর সদর উপজেলার টিউবওয়েলপাড় মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা এলাকার আব্দুর রশিদের ছেলে। স্থানীয় কামরুল হাসান বলেন, টিউবওয়েলপাড় মোড়ে জামালপুরগামী একটি সারবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালকের আসনে থাকা আব্দুল মান্নান গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আব্দুল মান্নানকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান এবং নিহতের পরিবার, স্বজন, কলেজশিক্ষক ও শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বিরুদ্ধে ঘাতক ট্রাকটির চালককে ছেড়ে দেওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে করে স্থানীয়দের সঙ্গে নিহতের স্বজন ও অন্যান্য লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের নিকট থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD