শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

আওয়ামী লীগ নিয়ে প্রবেশের অভিযোগ, দুধ দিয়ে বিএনপি অফিস ধুয়ে দিল ছাত্রদল

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

গাজীপুরের কালিয়াকৈরে এক মণ দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির একটি পক্ষ সেখানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীদের সঙ্গে এনেছিলেন—এমন অভিযোগ তুলে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। দুধ দিয়ে পার্টি অফিস ধোয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর বাজারে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট ছিল গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ছিল। তবে সেই মিছিলে বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এতে গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে, পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে- এমন অভিযোগ এনে পার্টি অফিস ধোয়ার কর্মসূচি পালন করে ছাত্রদল। কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলামের নেতৃত্বে দুধ দিয়ে বিএনপির কার্যালয়টি ধোয়ার আয়োজন করা হয়।ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা বালতি থেকে মগে করে দুধ নিয়ে বিএনপি কার্যালয়ের মেঝে ধুয়ে দিচ্ছেন। এ সময় কয়েকজনকে বলতে শোনা যায়, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য নব্য বিএনপির লোকজন সেখানে ছাত্রলীগ ও যুবদলের লোকজন নিয়ে প্রবেশ করেছিলেন। এ বিষয়ে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার সকালে গণ–অভ্যুত্থান দিবসে আমরা দোয়া মাহফিল শেষ করে চলে গিয়েছিলাম। পরে জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী পার্টি অফিসে এসেছিলেন। তার সঙ্গে যারা এসেছিলেন, তাদের বেশির ভাগই আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এতে আমাদের পার্টি অফিস কলঙ্কিত হয়েছে। তাই আমরা এক মণ দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলেছি।’ এ বিষয়ে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘কিছু ছেলেপেলে দুধ দিয়ে অফিস ধুয়ে ভিডিও করেছে। ওরা কে, কি করল, সেগুলি দেখায় বিষয় নয়। আমরা যাদের নিয়ে নতুন কমিটি করেছি, সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD