শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নামাজ চলাকালীন তালা ভেঙে ইমাম-মুয়াজ্জিনের বেতন-বোনাস চুরি

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

নোয়াখালীর সেনবাগে ফজরের নামাজ চলাকালীন সময়ে মসজিদের কক্ষে চুরির ঘটনা ঘটেছে। ইমাম ও মুয়াজ্জিনের বেতন-বোনাস বাবদ রাখা প্রায় ৭০ হাজার টাকা চুরি হয়ে গেছে বলে জানা গেছে। সোমবার (২ জুন) ভোরে সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় ইমাম ও মুয়াজ্জিন নামাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে কেউ একজন মসজিদের ভেতরে প্রবেশ করে দ্বিতীয় তলায় তাদের কক্ষের তালা ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। নামাজ শেষে কক্ষে ফিরে তালা ভাঙা দেখতে পেয়ে তারা বিষয়টি মসজিদ কমিটিকে জানান।

স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান হারুন বলেন, ইমাম ও মুয়াজ্জিনের বেতন, ঈদের বোনাস এবং অন্য একজনের আমানত মিলিয়ে প্রায় ৭০ হাজার টাকা আলাদা করে রাখা হয়েছিল। সেটিই চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মসজিদের মতো একটি পবিত্র স্থানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত চোরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

মসজিদের ইমাম মাওলানা মো. একরাম উদ্দিন বলেন, রুমটিতে মসজিদের খতিব, মুয়াজ্জিন মারুফ বিল্লাহ ও আমি থাকি। ফজরের নামাজ চলাকালীন সময়ে চোর কোনো এক ফাঁকে মসজিদের ভেতরে ঢুকে দ্বিতীয় তলায় আমাদের কক্ষে প্রবেশ করে। এ সময় প্লাস্টিকের আলমারি ভেঙে প্রায় ৭০ হাজার টাকা নিয়ে যায়। এগুলো ছিল আমাদের বেতন-বোনাস এবং একজনের আমানতের টাকা। নামাজ শেষে ফিরে দেখি কক্ষের তালা ভাঙা এবং ভেতরের টাকা নেই।

এ বিষয়ে সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD