শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে অপর একটি অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় পরিবেশ অধিদপ্তর পরিচালিত দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র না থাকায় এবং অবৈধভাবে পরিচালনা করায় মেসার্স খাজা আজমির ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামের একটি ইটভাটার চিমনি ও কিলন এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া একই এলাকার মেসার্স খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।