রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

৬৩ বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন, অবশেষে মিললো সন্ধান

মাতৃভূমি সংবাদ 

আন্তজার্তিক ডেস্ক

প্রায় ৬৩ বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিলেন মার্কিন নাগরিক অড্রি ব্যাকেবার্গ। তার অন্তর্ধান নিয়ে ছ’দশকেরও বেশি সময় ধরে ছিল ধোঁয়াশা। তবে সম্প্রতি তার খোঁজ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরোনো নিখোঁজ কেস যাচাই করতে গিয়ে তারা জানতে পারে, তিনি বহাল তবিয়তেই আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

উইনসকনসিন অঙ্গরাজ্যের সাউক কাউন্টি পুলিশের শেরিফ চিপ মেইস্টার জানিয়েছেন, স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন অড্রি। তার নিরুদ্দেশের সঙ্গে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

ছোট এক শহর রীডসবার্গে পরিবারের সঙ্গে বাস করতেন অড্রি। ১৯৬২ সালের ৭ জুলাই কুড়ি বছর বয়সী অড্রি ঘর ছাড়েন।

৮২ বছর বয়স্ক অড্রি এখন উইসকনসিনের নিকটেই বাস করছেন জানালেও আর বিস্তারিত কোনও তথ্য দেননি শেরিফ মেইস্টার।

অলাভজনক সংস্থা উইসকনসিন মিসিং পারসনস অ্যাডভোক্যাসি জানিয়েছে, নিরুদ্দেশ হওয়ার সময় অড্রি ছিলেন বিবাহিত এবং দু’সন্তানের জননী। সংস্থাটি আরও জানিয়েছে, ১৫ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন অড্রি। নিরুদ্দেশ হওয়ার কিছুদিন আগে তৎকালীন স্বামীর বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলা করেছিলেন তিনি।

সন্তানের জন্য ১৪ বছর বয়সী একজন বেবিসিটার রেখেছিলেন অড্রি। তাকে নিয়েই বাড়ি ছাড়েন। দুজন মিলে উইসকনসিনের রাজধানী শহর ম্যাডিসন যান তারা। সেখান থেকে বাসে চড়ে ৩০০ মাইল দূরের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে পৌঁছান।

সেখানে পৌঁছার পর আতঙ্কিত হয়ে পড়েন ওই বেবিসিটার। তিনি বাড়ি ফিরতে চাইলে একাই হাঁটা ধরেন অড্রি।

বহু বছর ধরে অড্রির সন্ধানে তদন্ত চললেও তা একপর্যায়ে স্থগিত হয়ে পড়ে। চলতি বছর পুরোনো নথিপত্র পর্যালোচনার সময় নতুন করে অনুসন্ধান শুরু হয়।কেইসের দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আইজ্যাক হ্যানসন জানান, অড্রির এক বোনের অনলাইন বংশানুসন্ধান অ্যাকাউন্টের সূত্র ধরেই মূলত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়।

এরপর তিনি যেখানে বসবাস করছেন, সেই এলাকার শেরিফ অফিসের মাধ্যমে তার সঙ্গে ৪৫ মিনিট ফোনে কথা বলেন।

সংবাদমাধ্যমকে হ্যানসন বলেছেন, তার সঙ্গে কথা বলে মনে হলো, জীবনকে তিনি নিজের মতো গোছাতে অতীতের সবকিছু থেকে সরে গিয়েছিলেন। নিজের গড়ে তোলা জীবন নিয়ে তার কোনও অনুশোচনা নেই। তাকে সুখী মনে হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD