বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শহীদদের রক্তের ঋণ শোধে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি ঘোষণা দেন, জাতির প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই থামবে না।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে এবং বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ববোধ থেকেই তিনি দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি দিনে শহীদদের যথাযথ সম্মান জানানো রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থান— প্রতিটি পর্যায়ে যারা জীবন দিয়েছেন, তারা জাতির অহংকার। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় নিহতদেরও স্মরণ করেন তিনি।

তার ভাষায়, বাংলাদেশের ইতিহাস বারবার ত্যাগের মধ্য দিয়ে এগিয়েছে। কিন্তু সেই ত্যাগের মূল চেতনা এখনো পূর্ণ বাস্তবায়ন হয়নি।

জামায়াত আমির বলেন, শহীদরা যে ন্যায়, অধিকার ও মর্যাদাভিত্তিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। দেশে ফ্যাসিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বিদ্যমান থাকলে প্রকৃত স্বাধীনতা অর্থবহ হয় না বলেও মন্তব্য করেন তিনি।

আমরা মনে করি, জাতির প্রকৃত মুক্তি তখনই আসবে, যখন রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও মানবিক—যোগ করেন তিনি।

কোনো ধরনের অন্যায়, দুর্নীতি বা সন্ত্রাসের সঙ্গে আপস না করার ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আন্দোলনে সাংবাদিক সমাজসহ দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ আমাদের ওপর অর্পিত দায়। সেই দায় পূরণে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD