বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাংলাদেশকে বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত করার প্রত্যয় উপদেষ্টার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করনীতি ও বিনিয়োগ-সংশ্লিষ্ট সব ধরনের আইন-কানুন সহজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বাজারে অনিয়ম ও কৃত্রিম বাধা দূর করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হতে পারে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী “১১তম সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৬” শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড এ প্রদর্শনীর আয়োজন করে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমানে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এগিয়ে থাকলেও ভবিষ্যতে বাংলাদেশও আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হবে। তার ভাষ্য, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য অন্যতম সম্ভাবনাময় গন্তব্য। এ কারণে তিনি বিশেষভাবে তুরস্কসহ বিভিন্ন দেশের বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সঠিক নীতি, স্বচ্ছতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার তুরস্ক প্রজাতন্ত্রের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, ইউনান কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস ইন বাংলাদেশের পরিচালক লি শিয়াও, বাংলাদেশ এয়ার-কন্ডিশনিং ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএইআইএ) সভাপতি লুৎফর রহমান তালুকদার, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মো. মশিউর রহমান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি আনোয়ার শহীদ, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিআরএএমএ) সভাপতি আনোয়ারুল ইসলাম, অ্যাশ-রে বাংলাদেশ চ্যাপ্টার ও বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার আল ইমরান হোসেন, অ্যাশ-রে বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসমতুজ্জামান এবং সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনী এইচভিএসিআর ও কোল্ড চেইন শিল্পের প্রযুক্তি, পণ্য ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে শিল্প খাতে নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতেও ভূমিকা রাখবে।

প্রদর্শনীটি ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD