মাতৃভূমি সংবাদ
রিপোর্টারঃ মো: শাহাদাত হোসাইন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত থেকে ৭হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মুল্য ২২লাখ ৮০ হাজার টাকা। শনিবার (১৩ জানুয়ারি) রাতে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। থানার পুলিশ অফিসার সাইফুল ইসলাম এ তথ্য জানান। থানা’র সুত্রে জানা যায়,নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের একটি বিশেষ টিমের সদস্যরা গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে আশারতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। গোয়েন্দার এই তথ্যের ভিত্তিতে শনিবারে রাতে থানার পুলিশের বিশেষ একটি টিম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তে কবর স্হানের বাউন্ডারি ওয়ালের পাশে আশারতলী-কম্বনিয়া এলাকায় অবস্থান নেয়। পরে কয়েকজনকে পায়ে হেঁটে আশারতলী সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে পুলিশের বিশেষ টিম এবং গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে। পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পুলিশের বিশেষ টিমটি ঘটনাস্থল হতে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৬শত পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এই ব্যাপারে রবিবার ১৪ জানুয়ারি সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান,মাদক উদ্ধার,সন্ত্রাস দমনসহ যে কোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭হাজার ৬শত পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply