শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজস্ব প্রতিবেদক
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার-এ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ভূমিকা রাখায় টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ-এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিত চক্রান্তে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় অবৈধ দখল, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টুরিস্ট পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে একটি প্রভাবশালী চক্র ক্ষুব্ধ হয়ে ওঠে। বিশেষ করে সৈকত এলাকার বীচ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর থেকেই অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। টুরিস্ট পুলিশের একাধিক কর্মকর্তা জানান, আপেল মাহমুদের নেতৃত্বে পর্যটকদের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম, স্থাপন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি এবং দ্রুত অভিযোগ গ্রহণ ও সমাধানের ব্যবস্থা। ফলে দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে আস্থা বেড়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, সৈকত এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ দখল ও নানা অনিয়মের মাধ্যমে সুবিধা ভোগ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে তাদের স্বার্থে আঘাত লাগায় তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এ বিষয়ে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। তবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না। সচেতন মহল মনে করছে, পর্যটননির্ভর জেলা হিসেবে কক্সবাজার-এর ভাবমূর্তি রক্ষা এবং নিরাপদ পর্যটন পরিবেশ নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অপপ্রচার নয়, বরং গঠনমূলক সমালোচনা ও প্রমাণভিত্তিক অভিযোগই হতে পারে সঠিক পথ।
Leave a Reply