মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

পোশাক শিল্পের উন্নয়ন মানে দেশের অর্থনীতির উন্নয়ন : বিজিএমইএ সভাপতি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

পোশাক শিল্পের উন্নয়ন মানে দেশের অর্থনীতির উন্নয়ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

পোশাক শিল্প থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিনিয়ত আমাদের শিল্পে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, সেগুলো নিয়ে আপনারা সংসদে বক্তব্য তুলে ধরবেন। কারণ এটা সর্বজনবিদিত যে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের উন্নয়ন মানেই বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে সংবর্ধনা দিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদ হাসান খান বলেন, আমাদের একটাই বক্তব্য, আমাদের শিল্প থেকে যারা সম্মানিত সদস্য জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ—আপনারা যেমন আপনাদের যার যার এলাকার সমস্যা, উন্নয়ন নিয়ে কথা বলবেন, জাতীয় সমস্যা নিয়ে কথা বলবেন, সঙ্গে সঙ্গে আমাদের এই শিল্প নিয়েও কথা বলবেন।

তিনি আরও বলেন, দেশে পোশাক শিল্পের সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক শিল্প গড়ে উঠছে। আমরা চাই বাংলাদেশ শুধুমাত্র একটি শিল্প অর্থাৎ পোশাক শিল্পের ওপরে নির্ভরশীল না থাকুক।

বিজিএমইএর প্রথম সহ সভাপতি সেলিম রহমান বলেন, আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা ও মেধা আমাদের এই শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমরা বিশ্বাস করি আপনাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা জাতীয় সংসদে শিল্প-বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে ভূমিকা রাখবে। এটাই আমাদের প্রত্যাশা। এটা মনে রাখবেন, পোশাক খাত আমাদের শিল্পের প্রাণ। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমরা সেই সামগ্রিক বাস্তবতা সম্পর্কে আপনাদের অবহিত রাখবো এবং আপনারা আপনাদের মেধা ও প্রজ্ঞার মাধ্যমে এই বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিলিয়ে মোট ১৭ জনকে সংবর্ধনা দেয় বিজিএমইএ। মন্ত্রীদের মধ্যে রয়েছেন শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর; বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম; শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, এস এম ফয়সল, মো. খালেদ হোসেন মাহবুব, মো. আবুল কালাম, মো. লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মো. আব্দুল্লাহ, মো. আবদুল হান্নান, মো. শাহাদাত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD