মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

হাদি হত্যার বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না: মাসুমা হাদি

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। এ হত্যাকাণ্ডে বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, থামানো যাবে না। আমরা ওসমান হাদির আদর্শের বাংলাদেশ চাই।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার প্রতিবাদ এবং হাদি হত্যার বিচার দাবিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটি শহরে বিক্ষোভ মিছিল শেষে শহীদ সেলিম চত্বরে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি বলেন, এ রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মানবো না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়, তাদের জনগণ ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেলেও শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশ নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনকভাবে হামলা চালায়।

ওসমান হাদির বোন বলেন, যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগে তখন কী ধারা জারি ছিল—সেখানে কেন ছাত্র-জনতার ওপর হামলা চালানো হলো? এ হামলার তীব্র নিন্দা জানান তিনি।

ওসমান হাদির হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে মাসুমা হাদি বলেন, এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে। এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের আগেই যদি প্রশাসনের এ অবস্থা হয়, তাহলে সেই প্রশাসন দিয়ে কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব?

উল্লেখ্য, শুক্রবার বিকালে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD