বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। সকাল থেকেই চারুকলা অনুষদ ও আশপাশের এলাকায় তল্লাশি, ব্যারিকেড ও নিয়ন্ত্রিত প্রবেশের মধ্য দিয়ে উৎসবকে নিরাপদ রাখতে নেওয়া হয়েছে বহুমাত্রিক প্রস্তুতি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, চারুকলা অনুষদ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড, তল্লাশি চলছে আগতদের।

শোভাযাত্রায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন পুলিশ, ডিবি, র‍্যাব ও সোয়াট সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যদেরও ভিড়ের মধ্যে সতর্ক নজর রাখতে দেখা গেছে।

চারুকলা অনুষদ, দোয়েল চত্বর, টিএসসি ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে। কোথাও কোথাও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

নিরাপত্তা সংশ্লিষ্টরা জানান, শোভাযাত্রাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

এদিকে সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে আবার চারুকলা অনুষদে ফিরে এসে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD