বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালসীমাটি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের (৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সম্মিলিত) নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।

কার্যালয়ের সামনে থাকা চা দোকানদার মো. মিন্টু মিয়া জানান, শনিবার দিবাগত রাত ২টা পর্যন্ত তিনি দোকানে ছিলেন এবং তখন অফিসের ভেতরে লাইট জ্বলছিল। তিনি বাসায় যাওয়ার পর রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন।

ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান দুলাল দাবি করে বলেন, শনিবার স্থানীয় একটি বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল জনসমাগম দেখে প্রতিপক্ষ রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, পথসভার সময় থেকেই তারা মোটরসাইকেল নিয়ে উস্কানিমূলক মহড়া দিচ্ছিল। নির্বাচন বানচাল ও নিশ্চিত পরাজয় জেনেই তারা এই অপতৎপরতা চালিয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD